কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

এম বাবুল (কাপ্তাই)
এম বাবুল (কাপ্তাই) এম বাবুল (কাপ্তাই)
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ১:০১ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬


রাঙামাটির কাপ্তাইয়ে পাচারকালে বিরল প্রজাতির একটি ‘মালায়ন নাইট হিরোন’ পাখি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি এলাকায় অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বনবিভাগের সদস্য ওসমান গণি পাখিটি উদ্ধার করেন।

বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাঙছড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হলে পাচারকারীরা বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পাখিটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিরল প্রজাতির পাখিটি উদ্ধার করা হয়।

বনবিভাগের সদস্য ওসমান গণি জানান, “খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে আমরা পাখিটি উদ্ধার করতে সক্ষম হই। পাচারকারীদের শনাক্তে চেষ্টা চলছে।”

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, “উদ্ধার হওয়া পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, ‘মালায়ন নাইট হিরোন’ (বৈজ্ঞানিক নাম: Gorsachius melanolophus), যা ‘টাইগার বিটার্ন’ নামেও পরিচিত, দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পাওয়া মাঝারি আকারের বকজাতীয় একটি বিরল পাখি। সাধারণত ঘন অরণ্যে বসবাসকারী এ প্রজাতির পাখির দেখা খুব কমই মেলে। কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন বনাঞ্চলেও এ পাখির বিচরণ রয়েছে বলে জানা গেছে।