রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ১৩
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ও মাঝের বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে মাদকসেবন ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এছাড়া মারামারির ঘটনায় দায়ের করা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে এনামুল হক (৪০), বাপ্পি দাশ (৪৫), রাজু ঘোষ (৩১), মো. আলমগীর (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৪), মোহাম্মদ আলী (৫৭), মো. সুমন (২৯), মো. সেকুল ইসলাম (৪৫), আব্দুর রশিদ (২৬) ও আবুল হোসেন (৩০)কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে মাদক ব্যবসার অভিযোগে মো. ইউনুছ ওরফে কালু (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া মারামারির ঘটনায় আহাম্মদ নবী (৪০) ও রোকছি আক্তার (৬০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের পাশাপাশি বিভিন্ন মামলার আসামিদেরও গ্রেপ্তার করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে মাদক নিয়ন্ত্রণ ও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।