রাঙামাটিতে ১৮ এপিবিএনের উদ্যোগে হারানো মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬


রাঙামাটিতে হারানো মোবাইল ফোন ও বিভিন্ন ঘটনায় খোয়া যাওয়া অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৮ এপিবিএন)। প্রযুক্তিগত বিশ্লেষণ ও সাইবার ক্রাইম সেলের কার্যক্রমের মাধ্যমে উদ্ধার করা ৭৭ হাজার টাকা ও একটি হারানো মোবাইল ফোন বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১১টায় ১৮ এপিবিএন, রাঙামাটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত অর্থ ও মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

১৮ এপিবিএন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ৭৭ হাজার টাকার মধ্যে বিকাশে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৫০ হাজার টাকা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৭ হাজার টাকা রয়েছে। এছাড়া একজন ভুক্তভোগীর হারানো মোবাইল ফোনও প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক মোঃ এনায়েত করিম, পিপিএম-সেবা, এ্যাডজুটেন্ট মোঃ মশিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ইত্তেখায়রুল ইসলামসহ পুলিশ পরিদর্শক, বিভিন্ন পর্যায়ের সদস্য এবং সাইবার ক্রাইম সেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা।

১৮ এপিবিএন জানায়, সাধারণ মানুষের হারানো মোবাইল ফোন, ভুলবশত অন্যের নম্বরে চলে যাওয়া টাকা কিংবা প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। প্রযুক্তিগত বিশ্লেষণ, তথ্য-উপাত্ত যাচাই এবং সাইবার ক্রাইম সেলের দক্ষতার মাধ্যমে এসব সম্পদ উদ্ধারে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার সময় ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়। এ সময় তারা ১৮ এপিবিএন, রাঙামাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অধিনায়ক মোঃ রেজাউল করিম বলেন, “জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।” সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে ১৮ এপিবিএন ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি মোবাইল ব্যাংকিং ব্যবহারে সতর্কতা অবলম্বন, অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনে সতর্ক থাকা এবং অনলাইন প্রতারণার বিষয়ে সচেতন থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

১৮ এপিবিএন কর্তৃপক্ষ বলছে, পুলিশের দায়িত্ব শুধু অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ নয়; বিপদে পড়া মানুষের হারানো সম্পদ উদ্ধারের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোও পুলিশের মানবিক দায়িত্বের অংশ। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।