বনরুপায় পুলিশের বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
রাঙামাটি শহরের বনরুপা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বনরুপা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. পারভেজ মোশারফ (২৪) ও মো. আবু সাঈদ (৬৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত পারভেজ মোশারফ রাঙামাটির লংগদু উপজেলার পূর্ব জালালাবাদ এলাকার বাসিন্দা এবং বর্তমানে বনরুপা ফরেস্ট কলোনীতে বসবাস করেন। অপর গ্রেপ্তারকৃত আবু সাঈদের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়; তিনিও বর্তমানে বনরুপা ফরেস্ট কলোনীতে বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।