রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৭ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬

রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড-এর ৮ম ব্যবস্থাপনা পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল।

শনিবার (০৭ নভেম্বর, ২০২৬) সকালে রাজবাড়ী এলাকার সাবারাং কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিগত সময়ে মৃত্যুবরণকারী সমিতির সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সমিতির সভাপতি মো. মিজানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. আব্দুল শুকুর সভা পরিচালনা করেন এবং সাংগঠনিক সম্পাদক তারেক আহম্মেদ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সভায় সমিতির সহ-সভাপতি এম. হিরো তালুকদার, যুগ্ম-সম্পাদক মো. বাবলু, কোষাধ্যক্ষ এমদাদ হোসেন হিরো, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মনির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আনোয়ার এবং কার্যকরী সদস্য মো. আল আমিন, মো. আবুল বশর ও মো. সোহেলসহ ব্যবস্থাপনা পরিষদের অন্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় গত বছরের বিভিন্ন কার্যক্রমের বিবরণী এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যরা এসব বিষয়ে মতামত তুলে ধরেন।

সভায় সমিতির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, ব্যবসায়ীদের কল্যাণ ও স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক ঐক্য বজায় রেখে ব্যবসা পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এসব বিষয়ে আলোচনার ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে রাঙ্গামাটির আসবাবপত্র ব্যবসায় আরও গতিশীলতা আনতে এই সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনেও ব্যবসায়ীদের যেকোনো সংকট ও সমস্যায় সমিতি পাশে থাকবে। তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সভা শেষে সমিতির সার্বিক অগ্রগতি ও সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।