জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাঙ্গামাটিতে বিএনপির সাতদিনব্যাপী কর্মসূচি, আজ শুরু
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতদিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে রাঙ্গামাটি জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত এসব কর্মসূচির প্রথম দিন আজ।
প্রথম দিনের কর্মসূচির আয়োজন করেছে রাঙ্গামাটি নগর বিএনপি। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জেলা ওলামা দলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। সকাল ১১টায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে শহরের নিউমার্কেট চত্বর পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় রিজার্ভ বাজার ক্রীড়া পরিষদের আয়োজনে রিজার্ভ বাজার শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনের শেষ আয়োজন হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা জাসাসের ব্যবস্থাপনায় দলীয় কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সাতদিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায়ও পৃথক পৃথক আয়োজন থাকবে।