বিশ্ব হাত ধোয়া দিবসে রাঙ্গামাটিতে র্যালি ও আলোচনা সভা
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জেলায় আজ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ এনেক্স ভবন হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এড. মামুনুর রশীদ মামুন।
হাত ধোয়ার নায়ক হোন এই প্রতিপাদ্যে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মোহাম্মদ, সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা: মং ক্যউ চিং মারমা সাগর, ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জেলা পরিষদ সদস্য সুপর্ণ দেব বর্মন,
জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত শিক্ষাকর্মকর্তা মানস মুকুর চাকমা প্রমুখ।
সভায় বক্তারা বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্বসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং জনসচেতনতার মাধ্যমে এই কার্যক্রমকে সকলের মাঝে তুলে ধরার উপর গুরুত্বারোপ করা হয়।
সভার শুরুতে রাঙ্গামাটি জেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্তৃক চলমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পানি সাপ্লাই, স্যানিটেশন কার্যক্রমসহ বিভিন্ন তথ্য প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
আলোচনা সভার আগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
পরে জেলা পরিষদ প্রাঙ্গণে হাত ধোয়ার বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামুলক তথ্য উপস্থাপনসহ হাত ধোয়ার নিয়ম তুলে ধরা হয়।