সাজেকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালকে রাজকীয় সংবর্ধনা
রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপিকে ফুলেল শুভেচ্ছা ও বর্ণাঢ্য আয়োজনে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরা এবং রাঙামাটি জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বিরের যৌথ নেতৃত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের সদস্যসহ পাহাড়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপাদান তুলে ধরে তারা প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, সাজেকের পর্যটন শিল্পের সম্ভাবনা ও বিকাশ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।
সংবর্ধনা অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পাহাড়ি-বাঙালি সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন, পর্যটন সম্ভাবনার বিকাশ এবং সাধারণ মানুষের কল্যাণে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের কথা তুলে ধরেন।
বর্ণাঢ্য এ আয়োজনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।