পাহাড়ে শান্তি ও অধিকার রক্ষায় ৩ কমিটি: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬


পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় রাঙামাটির কাঁঠালতলীর মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে। তাদের দাবি, দেশের স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় অতীতে কোনো সরকার এমন ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ নেয়নি।

বক্তারা আশা প্রকাশ করেন, তিন স্তরের এই শক্তিশালী কমিটি নিরলসভাবে কাজ করে পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যাগুলোর সমাধান এবং সুষম উন্নয়ন নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে পাহাড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি ও সহাবস্থান নিশ্চিত করার যে পথ সুগম হয়েছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সংবাদ সম্মেলনে পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।