রাঙামাটিতে পুলিশের APC চলাচল, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (APC) চলাচলের ছবি ও ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর বিষয়টি পুলিশের নজরে এসেছে।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব APC জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য রাঙামাটি পার্বত্য জেলায় আনা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, প্রশিক্ষণের অংশ হিসেবে আগামী ১৫ দিন রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে এসব APC-এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণ কার্যক্রম শেষে প্রায় দুই সপ্তাহ পর APCগুলো ঢাকায় ফিরে যাবে।
জেলা পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, রাঙামাটি পার্বত্য জেলায় এসব APC স্থায়ীভাবে মোতায়েন করা হয়নি। একইসঙ্গে কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলার জন্যও এগুলো আনা হয়নি। সম্পূর্ণ প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবেই APCগুলো রাঙামাটিতে অবস্থান করছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিভ্রান্তি কিংবা গুজবের সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ।
সঠিক তথ্য যাচাই না করে কোনো ধরনের বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্যও সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।