লংগদুতে যুবদল নেতা ইউনুছ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
রাঙামাটির লংগদুতে নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিভিন্ন ইউনিয়নের নেতারা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
শনিবার (১০ অক্টোবর) বেলা ২টায় লংগদু প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, সৈয়দ ইউনুছ দীর্ঘদিন ধরে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন, নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণ, হুমকি প্রদান এবং দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনে গড়িমসি, কমিটি দেওয়ার আশ্বাসে অর্থ গ্রহণ এবং নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও তোলেন তাঁরা।
নেতাদের দাবি, লংগদু সদর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ফয়েজ আহম্মেদকে মিথ্যা সাক্ষ্য দিয়ে প্রশাসনিকভাবে হয়রানি করা হয়েছে। সৈয়দ ইউনুছের বিরুদ্ধে দখলবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এসব ঘটনার তদন্তেরও দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে নেতারা সৈয়দ ইউনুছকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিতে রাঙামাটি জেলা যুবদলের জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানান।
এ সময় গুলশাখালী ইউনিয়ন বহিষ্কৃত যুবদলের আহ্বায়ক নুর আলম, মাইনী ইউনিয়ন আহবায়ক,ভাসান্যদম ইউনিয়ন আহবায়ক লংগদু সদর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সদস্যসচিব ফয়েজ আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সদস্যসচিব এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।