রাঙামাটিতে বাজার চৌধুরী সম্মেলন; দেবু কুমার চাকমা সভাপতি, মোস্তফা কামাল সাধারণ সম্পাদক
রাঙামাটিতে বাজার চৌধুরী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাইনি মুখ বাজারের বাজার চৌধুরী দেবু কুমার চাকমাকে সভাপতি এবং আপার রাঙামাটির বাজার চৌধুরী মোহাম্মদ মোস্তফা কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাঙামাটি চেম্বার অব কমার্সের হলরুমে বাজার চৌধুরী অ্যাসোসিয়েশন, রাঙামাটি পার্বত্য জেলা-এর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দিপেন তালুকদার দিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাচালং বাজারের বাজার চৌধুরী মো. মাহমুদুল হাসান মানিক।
সম্মেলনে রাঙামাটি পার্বত্য জেলার ১০ উপজেলার বাজার চৌধুরীরা অংশ নেন। এতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং বাজার চৌধুরীদের বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে দেবু কুমার চাকমাকে সভাপতি এবং মোস্তফা কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাজার চৌধুরীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং বাজার চৌধুরীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।