মাদকবিরোধী অভিযানে আটকের প্রতিবাদে রাঙামাটির শান্তিনগরে সড়ক অবরোধ
রাঙামাটি শহরের শান্তিনগর এলাকায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে কয়েকজনকে আটকের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে কয়েকজনকে আটকের পর স্থানীয় বাসিন্দারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, অভিযানে মাদকের সঙ্গে জড়িত নন এমন কয়েকজনকেও আটক করা হয়েছে।
এলাকাবাসী জানান, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তাদের কোনো আপত্তি নেই। তবে নিরপরাধ ব্যক্তিদের আটকের প্রতিবাদে তারা পুলিশের কাছে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশকে এক ঘণ্টার সময়সীমা দিয়ে বলা হয়, মাদকের সঙ্গে জড়িত নন এমন ব্যক্তিদের ছেড়ে দিতে হবে। অন্যথায় তারা থানাও অবরোধের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যারা নিরপরাধ বা মাদকের সঙ্গে জড়িত নন, তাদের ছেড়ে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।