রাঙামাটিতে সরকারি কর্মচারীর বাসায় চুরি, ২৬ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০০ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬


রাঙামাটি শহরের ভেদভেদী পোস্ট অফিস কলোনি এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তুষার কান্তি দে (৪২) নামের এক সরকারি কর্মচারী। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৫৬ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাঙামাটি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেন তুষার কান্তি দে। তিনি রাঙামাটি সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের ভেদভেদী পোস্ট অফিস কলোনির বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে বিলাইছড়িতে ছোট ভাইয়ের বাসায় বেড়াতে যান তুষার কান্তি দে। ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন কক্ষ তল্লাশি করে চুরির বিষয়টি বুঝতে পারেন।

অভিযোগে বলা হয়, অজ্ঞাত চোর তার কক্ষের তালা ভেঙে প্রবেশ করে। একইভাবে তার মায়ের কক্ষের পেছনের দরজা দিয়েও প্রবেশের চিহ্ন পাওয়া যায় বলে অভিযোগকারীর দাবি। বাসাটি যৌথ পরিবারে ব্যবহৃত হওয়ায় সেখানে তিনটি পরিবার বসবাস করে।

তুষার কান্তি দে অভিযোগ করেন, চোরেরা ঘরের অন্যান্য জিনিসপত্র তেমন নাড়াচাড়া না করে আলমারির চাবি ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। তার মায়ের কক্ষ থেকে রুলি, বাবুটি, নাগিন চেইন, চিক, কানের দুল, ঝুমকো, শাখা, চেইন, আংটিসহ বিভিন্ন স্বর্ণালংকার এবং নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অভিযোগকারীর নিজের কক্ষ থেকে নেকলেস, আংটি, চেইন, ছেলেদের চেইন, ব্রেসলেট ও বিয়ের আংটিসহ বিভিন্ন স্বর্ণালংকার এবং তার ছোট ভাইয়ের কক্ষ থেকে নেকলেস, কানের দুল, আংটি, স্বর্ণের লকেট, রুপার নূপুর, কোমরের কিনকিনি, পায়ের আংটি ও রুপার চেইন চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ সর্বমোট প্রায় ২৬ ভরি এবং আনুমানিক মূল্য ৪০ লাখ ৫৬ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী বলেন, চুরির ঘটনায় তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে রাঙামাটি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা করছেন ভুক্তভোগী পরিবার।