‎রাঙামাটিতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: স্বামী ও স্ত্রীকে মার ধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ‎

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬


‎রাঙামাটি শহরের গীতাশ্রম কলোনী সংলগ্ন এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে স্বামী, স্ত্রীকে মারধর,গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরজাহান আলম নামে এক নারী রাঙামাটি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু থানা থেকে তারা কোন আইনী সহায়তা পায়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। 

‎অভিযোগপত্রে নুরজাহান আলম উল্লেখ করেন যে, বিগত ২৯ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারিবারিক পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনার সময় কথা কাটাকাটির একপর্যায়ে মোঃ ওয়াসিম ইসলাম, মোছাঃ রুজিনা আক্তার, মোঃ রফিকুল ইসলাম ও রুবি আক্তারের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তার অভিযোগ, এ সময় তার স্বামী মোঃ হেলাল উদ্দিনকে মারধর করা হয় এবং ওয়াসিম ইসলাম তার চোখে কিল ঘুষি মারে।

‎অভিযোগকারীর দাবি, ঘটনার পর হেলাল উদ্দিনের চোখ লাল হয়ে যায় এবং তিনি রাঙামাটি চক্ষু হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রের কপি অভিযোগের সঙ্গে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

‎হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, আমার আত্নীয়স্বজনরা রাঙামাটি ও চট্টগ্রামের চন্দনাইশ বরকল বরমা আমার পৈতৃক জমি-জামা তারা বেদখল করে নিতে পায়তারা করছে। আমার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তারা। এখন আমি পরিবার পরিজন ও ছোট ছোট শিশুদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এই সমস্যা সমাধানে আমি আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। 

‎নুরজাহান তার অভিযোগ বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে গত দুই-তিন বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তাদের পরিবারকে বিভিন্ন সময় গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান তারা। স্বামী চট্টগ্রামে চাকরি করার কারণে অধিকাংশ সময় কর্মস্থলে থাকেন উল্লেখ করে, তার অনুপস্থিতিতে নিজেকেও নিরাপত্তাহীন মনে করছেন বলে অভিযোগে জানান নুরজাহান আলম।

‎এই ঘটনায় তিনি থানায় অভিযোগ গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

‎এবিষয়ে রাঙামাটি কোতয়ালী থানা অভিযোগটি গ্রহণ করে থাকলে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ, দুই পক্ষের বিরোধের বিষয় এবং মারধরের অভিযোগের সত্যতা যাচাই করার কথা। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎এসব প্রশ্নের জবাবে ওয়াসিম ইসলাম মুঠোফোনে বলেন, অভিযোগকারী আমার ভাই ও ভাবী। তারা সংবাদ সম্মেলনে আমিও আমার বোন,বোন জামাইসহ অন্যান্যদের বিরুদ্ধে যে সকল অভিযোগ  এনে সংবাদ সম্মেলন করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। আমি তাদের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার ভাই হেলাল উদ্দিনের সাথে আমার অনেক টাকার লেনদেন রয়েছে। এসবের ধাপাছাপা দিতে সে সংবাদ সম্মেলন করেছে।