রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২
রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে মাদক কারবারের অভিযোগে এবং একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযানে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ১১ জন হলেন—লাভলী চাকমা (৩৫), খোকন (২৮), সুরুঞ্জন চাকমা (৪৫), মোশন চাকমা (২৫), ধন বিকাশ চাকমা (২১), শতক চাকমা (২০), মো. জসিম উদ্দিন (৩২), রাশেদ মিয়া (৪০), টিস্যু চৌধুরী (৩২), মো. জসীম (৩৫) ও মো. বাপ্পি ইসলাম (৩২)।
অপরদিকে, মাদক সেবনের অভিযোগে মো. উজ্জল (৪৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানা পুলিশের দাবি, বিশেষ অভিযানের সময় গ্রেপ্তার ১১ জনের হেফাজত থেকে মোট ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।