জিয়া-খালেদার সমাধিতে নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

সোহরাওয়ার্দী সাব্বির
সোহরাওয়ার্দী সাব্বির সোহরাওয়ার্দী সাব্বির
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:২২ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। নবগঠিত পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং রাঙ্গামাটি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর নেতৃত্বে জেলা পরিষদের সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলা পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

এছাড়াও রাঙ্গামাটি জেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

নবগঠিত জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।