দুর্গম পার্বত্যাঞ্চলে মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবায় দক্ষ জনবল গড়ে তুলছে সেনাবাহিনী
দুর্গম পার্বত্যাঞ্চলে গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাঙামাটির সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী বিতরণ করা হয়।
২৪ পদাতিক ডিভিশন তথা চট্টগ্রাম এরিয়ার দিকনির্দেশনায়, রাঙামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় জেলার ১০টি উপজেলা থেকে নির্বাচিত ১৫ জন প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা ও পরামর্শদাতা অংশ নেন। গত ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত পরিচালিত প্রশিক্ষণে নিরাপদ মাতৃত্ব, নবজাতকের পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা, জরুরি স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে চিকিৎসা ক্যাম্প, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং জরুরি চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ স্বাস্থ্যসেবা প্রদানকারী তৈরি হলে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানোর পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবার মানও আরও উন্নত হবে।
আয়োজকরা জানান, দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগ সংকট এবং দক্ষ স্বাস্থ্যকর্মীর স্বল্পতার কারণে পার্বত্যাঞ্চলের অনেক গর্ভবতী নারী ও নবজাতক সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান না। সেই বাস্তবতা বিবেচনায় স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের আবাসন ও খাবারের ব্যবস্থাও রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
অনুষ্ঠানে ভবিষ্যতেও পার্বত্যাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।