কাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই প্রতিনিধি কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬


রাঙামাটির কাপ্তাইয়ে সীতার পাহাড় এলাকায় বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সীতার পাহাড়ে বেড়ানো শেষে উপজেলার পাথরঘাটা নামক নদীর পাড়ে গোসল করতে নামলে তিনি নিখোঁজ হন।

স্থানীয় ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন জানান, ঢাকার নরসিংদী এলাকা থেকে ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে বেড়াতে আসে। সীতার পাহাড় এলাকায় ঘোরাঘুরি শেষে তারা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। এ সময় সাদিজ শাহরিয়ার সানম নদীতে নিখোঁজ হন।

কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, দুপুর সাড়ে ১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীতে ডুবুরি দল দিয়ে নিখোঁজ পর্যটকের সন্ধান শুরু করেন। কর্ণফুলী নদীতে জোয়ারের কারণে স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান কিছুটা কঠিন হয়ে পড়েছে। পরে রাঙামাটি থেকে আরও একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ পর্যটকের সন্ধানে যোগ দিয়েছে।

নিখোঁজ সাদিজ শাহরিয়ার সানম (২৪) নরসিংদী জেলার রায়পুর থানার মামুদপুর এলাকার বাসিন্দা। তার বাবা মো. নাছির উদ্দিন অবসরপ্রাপ্ত এএসপি বলে জানা গেছে।

নিখোঁজ পর্যটকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।