দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মমুখী করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

সোহরাওয়ার্দী সাব্বির
সোহরাওয়ার্দী সাব্বির সোহরাওয়ার্দী সাব্বির
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:৪৯ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬


পার্বত্য এলাকার টেকসই উন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নকে সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। তিনি বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ সমাজকে কর্মমুখী করা এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নকে টেকসই করতে হলে মানুষের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে তরুণ-তরুণীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা গেলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের দক্ষতা উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাস্তবমুখী প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই। নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণের ফলে তারা নিজস্বভাবে আয় করার সুযোগ পাবেন এবং পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ প্রসঙ্গে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতা কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। পাহাড়ি এলাকার তরুণ-তরুণীদের এ ধরনের প্রশিক্ষণের আওতায় আনা গেলে স্থানীয় পর্যায়েই কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা সম্ভব।

একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে জানান তারা। এতে শিক্ষার্থীরা আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সহজে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

উন্নয়ন বোর্ডের কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শিশু পার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন। পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ই-লার্নিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।