চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ ডাম্পার আটক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ একটি ডাম্পার ট্রাক ও দুইজনকে আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। উদ্ধার করা সিগারেটের আনুমানিক সিজার মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।
বুধবার (৭ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার ইকো পার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালসের দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ইকো পার্ক এলাকায় পাকা সড়কের ওপর একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন (Patron) ও ১ হাজার ৮০০ প্যাকেট অরিস (Oris) সিগারেট উদ্ধার করা হয়। এ সময় ডাম্পার ট্রাকে থাকা দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার করা সিগারেট, আটক দুই ব্যক্তি ও ডাম্পার ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।