সাজেকে সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ, পিসিসিপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:২৫ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬


রাঙামাটির সাজেক পর্যটন এলাকার চাইল্যাতলী এলাকায় ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে সংঘর্ষে সাত বছরের এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া এক যৌথ বিবৃতিতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে সাজেকের চাইল্যাতলী এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মাচালং এলাকার সাত বছরের শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হয়।

পিসিসিপির নেতারা অভিযোগ করেন, পাহাড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর সংঘাতের কারণে সাধারণ মানুষ ও শিশুরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে। তাদের দাবি, এ ধরনের সহিংসতার প্রভাব স্থানীয় মানুষের পাশাপাশি সাজেকের পর্যটন খাতের নিরাপত্তার ওপরও পড়ছে।

বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে গুলিবিদ্ধ শিশু সঞ্জিতা ত্রিপুরার সুচিকিৎসা নিশ্চিত এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

পাহাড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও ধারাবাহিক অভিযান পরিচালনারও আহ্বান জানিয়েছে পিসিসিপি।