নৌযান শুমারি-২০২৬ সফল করতে রাঙামাটিতে অংশীজনদের অবহিতকরণ সভা
দেশের নৌপরিবহন খাতের সঠিক তথ্যভান্ডার গড়ে তোলার লক্ষ্যে আসন্ন নৌযান শুমারি-২০২৬ সফল বাস্তবায়নে রাঙামাটিতে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুমারির মাধ্যমে দেশের নৌযানের প্রকৃত সংখ্যা, ধরন ও অবস্থান সম্পর্কে নির্ভুল তথ্য সংগ্রহ করা হবে, যা ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিনির্ধারণ এবং নৌপরিবহন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বুধবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. নুয়েন খীসা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নৌযান মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন। এ সময় নৌযান শুমারির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি, নির্ভুল তথ্য প্রদানের গুরুত্ব এবং অংশীজনদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নির্ভুল তথ্যের ভিত্তিতেই আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তাই শুমারি কার্যক্রমে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। শুমারির মাধ্যমে প্রাপ্ত তথ্য নৌপথ উন্নয়ন, নিরাপত্তা জোরদার, অবকাঠামো পরিকল্পনা এবং সরকারি সেবা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলেও তাঁরা উল্লেখ করেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে নৌযান শুমারি-২০২৬ বাস্তবায়ন করা হচ্ছে।