রাঙামাটি শহরে পুলিশের বিশেষ অভিযান, মাদক কারবারি-সেবীসহ আটক ১০
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারি, চার মাদকসেবী ও পূর্বের মামলার এজাহারনামীয় এক আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পাঁচ মাদক কারবারি হলেন—তবলছড়ি ওয়াপদা কলোনীর সুকুমার দাশ (৪০), নাপ্পিঘাটা রিজার্ভ বাজারের আব্দুল মান্নান (৪৫), আব্দুল আলী স্কুলের নিচে নদীর পাড় এলাকার মো. খোকন মিয়া (৩৫), স্বর্ণটিলা ধর্মটিলা উপর এলাকার মো. সুরুজ মিয়া (৪৪) এবং মাইনি ইউনিয়নের পূর্ব ঝাড়ুর বাগান এলাকার মো. মতিউর রহমান (২৯)।
অন্যদিকে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে মো. রাকিবুল হাসান (১৯), মো. আশরাফুল ইসলাম (১৯), মো. রাব্বি (১৯) ও মো. আব্দুল্লাহ আল লতিফ (১৮)কে। তাদের মধ্যে রাকিবুল হাসানের স্থায়ী ঠিকানা ভোলার লালমোহন এবং বর্তমান ঠিকানা হাটহাজারী, চট্টগ্রাম; আশরাফুল ইসলামের বাড়ি রাঙামাটির লংগদু; রাব্বির বাড়ি লালমনিরহাটের আদিতমারী এবং আব্দুল্লাহ আল লতিফের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায়।
এছাড়া পূর্বের একটি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে রাঙামাটি পৌরসভার কলেজ গেইট এলাকার বাবু বড়ুয়া (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা শেষে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। বাবু বড়ুয়ার বিরুদ্ধে পূর্বের মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ইতোমধ্যে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।