কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট খুলতে পারে আজ রাত ১০টায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:১১ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬


উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা নাগাদ স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে তুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। এতে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের দপ্তর থেকে শনিবার জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে হ্রদের পানির উচ্চতা, উজান থেকে পানির প্রবাহ (ইনফ্লো) ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ের গেট খোলার নির্ধারিত সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, উজান থেকে পানির প্রবাহ বেড়ে গেলে স্পিলওয়ের গেট পর্যায়ক্রমে আরও বেশি পরিমাণে খোলা হতে পারে। ফলে পরিস্থিতি অনুযায়ী পানি নিষ্কাশনের পরিমাণও বাড়তে পারে।

এদিকে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট বর্তমানে চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সময়ই প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), কাপ্তাইয়ের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে।