সাজেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
রাঙামাটির সাজেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩৪ শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সাজেক ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাজেক ইউনিয়নের বাঘাইহাট উচ্চ বিদ্যালয়, মাচালং উচ্চ বিদ্যালয় ও করল্যাছড়ি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপঅধিনায়ক মেজর সালমান সিদ্দিক, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে মেজর সালমান সিদ্দিক, পিএসসি বলেন, সাজেকের মতো দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্যকে উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম উচ্চশিক্ষায় আগ্রহী হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্চয়ন চাকমা, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবধী চাকমা, সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাজেক ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে ৩৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সময় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।