দুর্গাপূজায় আসছে বুয়েট, চুয়েট, ঢাবি ও চবি শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র 'অন্যপাতা'
নিজেদের একান্ত কষ্টে নির্মিত, ৪০ জনের বেশি শিক্ষার্থীর স্বপ্নের চলচ্চিত্র 'অন্যপাতা' আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। চট্টগ্রাম থেকে উঠে আসা একদল স্বপ্নবাজ শিক্ষার্থীর যৌথ প্রচেষ্টায় নির্মিত এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে উঠে এসেছে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের কঠিন বাস্তবতা এবং ভালোবাসার মিষ্টি গল্প।
পড়াশোনার চাপের ফাঁকে সময় বের করে, নিজেদের উপার্জিত টিউশনের টাকা ও পকেট মানি জমা করে ছবিটি তৈরি করেছেন বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত এটি তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মাত্র ৬ জনের একটি দল থেকে শুরু হয়ে গত দুই বছর ধরে তিলে তিলে ৪০ জনেরও বেশি সদস্যের এই বিশাল দল ছবিটি গড়ে তুলেছেন। এরই মধ্যে সিনেমার এনাউন্সমেন্ট পোস্টার, মোশন ভিডিও এবং মূল পোস্টার প্রকাশ পেয়েছে। খুব শীঘ্রই ছবির অফিশিয়াল ট্রেইলার ও মিউজিক ভিডিওগুলো আসতে চলেছে।
গল্পের মূল প্রেক্ষাপট :
চলচ্চিত্রটির প্রেক্ষাপট বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সমকালীন সময়। প্রেক্ষাপটে উঠে এসেছে শিক্ষার্থীদের আইডেন্টিটি ক্রাইসিস, পারিবারিক চাপ, রিয়েলিটি চেক এবং ছাত্র জীবনের কিছু এলোমেলো প্রেম। গল্পের কেন্দ্রে রয়েছে এমন একটি ছেলে, যে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ভর্তি যুদ্ধে টিকে থাকার চেষ্টা করে এবং এর মাঝেই তার জীবনে আসে এক মিষ্টি প্রেমের গল্প। বাস্তব জীবনের দুটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি পরিচালনা করেছেন চুয়েট শিক্ষার্থী মো: শাহেজাহান এ্যানি।
পরিচালক বলেন, "আমাদের দেশের সিংহভাগ শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্ট্রাগলিং সময় কাটে ভার্সিটি ভর্তির সময়টাতে। এই রেশ থেকে বের হতেই আমাদের অনেক সময় লেগে যায়। সেই সময়ের সার্ভাইভালের একটি মিষ্টি অভিজ্ঞতার গল্পই 'অন্যপাতা'। নিজের দেখা বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা গল্প তৈরি করার চেষ্টা করেছি।"
১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি প্রচলিত গল্পের ধরন থেকে বেশ আলাদা। ঝকঝকে যান্ত্রিকতা আর ছকবাঁধা কাহিনীর বাইরে এটি এক সহজ-সরল গল্প। ছবিতে দর্শক পাবেন ৬টি মৌলিক গান, চমৎকার আবহসংগীত, চট্টগ্রামসহ বাংলাদেশের প্রকৃতির সিনেমাটিক উপস্থাপনা এবং জেনজি (Gen-Z) প্রজন্মের ভাষার প্রয়োগ।
প্রযোজক চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ ও বুয়েট শিক্ষার্থী সামস আবতাহী ইসমাম জানান, "অন্যপাতার গল্প খুবই চেনা, কিন্তু এর এক্সপেরিয়েন্সটা বাংলাদেশে বেশ অচেনা। আমাদের মতো জেনজিদের ভাষার ছাপ আছে, তবে সব বয়সের মানুষের কাছেই এই ফ্রেশ, সরল, মিষ্টি গল্পটা ভালো লাগবে।"
নেপথ্য ও কলাকুশলী:
ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চবি শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন, রোবেনসহ আরও অনেকে।
ছবির শিল্প নির্দেশনায় ছিলেন চবি শিক্ষার্থী ইন্দ্র নীল এবং চিত্রগ্রহণে ইব্রাহিম বিন আনছারী। ৬টি গানের সংগীত পরিচালনা করেছেন ফাহরিয়াজ তাসজিম মনন এবং আবহসংগীত তৈরি করেছেন আইনান। সম্পূর্ণ পোস্ট প্রোডাকশন ও কালার এডিটিংয়ের কাজ করেছেন চুয়েট শিক্ষার্থী তানভীর জানি। ভিএফএক্স করেছেন বুয়েট শিক্ষার্থী মাসরাফি ইসলাম শাফিন। কাস্টিং পরিচালক ছিলেন ঢাবি শিক্ষার্থী নোমান আহমদ রনি এবং লাইন প্রোডিউসার হিসেবে কাজ করেছেন এইচএসসি শিক্ষার্থী সুদীপ্ত পাল। সিনেমাটির সংলাপ লিখেছেন বুয়েটের ইশরাক নূর ও চুয়েটের ইকবাল রাফিদ।
নিজেদের ওপর অটুট বিশ্বাস রেখে পড়াশোনা ও নিজস্ব আয়ে চলচ্চিত্রটি নির্মাণ করার এই অভিজ্ঞতা নির্মাতাদের কাছে যেন নিজেই একটি সিনেমা।