রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ০৯ মে ২০২৬ | আপডেট: ১:৪৩ পূর্বাহ্ন, ২৩ মে ২০২৬


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম শুকনাছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)।

শনিবার (৯ মে) ভোর ৬টা ৫০ মিনিটের দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাজেক-মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনাছড়া এলাকায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করলে সশস্ত্ররা তাকে ধাওয়া করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা ওই এলাকায় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সংগ্রাহক হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনার বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদমাধ্যমকে জানান, জ্যাকসন চাকমার নেতৃত্বে চার থেকে পাঁচজনের একটি সশস্ত্র গ্রুপ শুকনাছড়া এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ইউপিডিএফের কর্মী হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুকনাছড়া এলাকায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনার পর শুকনাছড়াসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।