পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ

তারিকুল তারা ( লংগদু)
তারিকুল তারা ( লংগদু) তারিকুল তারা ( লংগদু)
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১১:৪৯ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬


পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রম জোরদারে রাঙামাটির লংগদু উপজেলায় ৩ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০ জন কৃষকের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং কৃষি উপকরণ দেওয়া হয়।

সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় লংগদু হর্টিকালচার সেন্টারের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান জানান, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে লংগদু উপজেলায় ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০ জন কৃষকের মধ্যে মোট ৩ হাজার ৫০০টি বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রতিটি চারার সঙ্গে ৩০ কেজি করে গোবর সার এবং একটি করে বাঁশের খুঁটিও দেওয়া হয়েছে।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

চারা বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, “শুধু চারা সংগ্রহ করলেই হবে না, এগুলো যথাযথভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছ বেঁচে থাকলেই এ কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে।”