রাঙামাটির বরকল সীমান্তে ভারতে পাচারের সময় ৩৫৫০ কেজি সার জব্দ বিজিবির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৬


রাঙামাটির বরকল উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকালে উপজেলার ছোট হরিণা বিজিবি ঘাট এলাকায় নদীপথে তল্লাশিকালে এসব সার জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় সার পাচারের সম্ভাবনায় সতর্ক অবস্থানে ছিল বিজিবি। পরে ছোট হরিণা বিজিবি ঘাট এলাকায় নদীপথে চলাচলকারী বিভিন্ন বোটে তল্লাশি চালানো হয়। এ সময় একটি চালান থেকে ৩৬ বস্তা ইউরিয়া সার, ৮ বস্তা টিএসপি সার এবং ২৭ বস্তা জৈব সার উদ্ধার করা হয়। জব্দ করা এসব সারের মোট পরিমাণ প্রায় ৩ হাজার ৫৫০ কেজি।

১২ বিজিবির হাবিলদার কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সারগুলো জব্দ করা হয়।

১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, চলতি মাসেও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ বস্তা ইউরিয়া সার ও ২০ বস্তা রসুন জব্দ করা হয়েছিল।