জুরাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৯০ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬ | আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে পরিচালিত সফল অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন। উপজেলার দুর্গম মৈদং ইউনিয়নের ফকিরাছড়ি এলাকা থেকে এসব কাঠ জব্ধ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

সোমবার জুরাছড়ি জোনের পক্ষ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জুরাছড়ি জোন হতে একটি টহল দল জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি  এবং ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে উপজেলার দুর্গম মৈদং ইউনিয়নের ফকিরাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ কাঠ শনাক্ত করা হয়। পরবর্তীতে সেনা সদস্যরা এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

এদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জুরাছড়ি সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান বলেন, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের কর্মকান্ড রোধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।