বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ে তিন লাখ গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৬


পরিবেশ সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ এবং পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী পরিচালিত এ কর্মসূচির আওতায় বছরব্যাপী তিন লক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে সাজেক ও রূপকারী ইউনিয়নেও এ কার্যক্রম পরিচালিত হবে।

বৃক্ষরোপণ অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বাঘাইহাট জোনের জোন কমান্ডার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। তিনি বলেন, পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ ভূমিধস প্রতিরোধ, মাটির উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়েছে “একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশের প্রতিটি স্থান।”

স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।