জুরাছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) জুরাছড়ি জোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি ও ক্যাপ্টেন মো. শাহরিয়ার পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ কাঠ শনাক্ত করা হয়। পরে সেনাসদস্যরা অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করেন।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য বড় হুমকি। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করা, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।