রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও সিগারেট উদ্ধার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিগারেট ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর একটি টহল দল বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের নালকাটাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি মোটরসাইকেলে বহন করা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ২ বোতল বিদেশি ‘ওল্ড মঙ্ক’ মদ, ৫ বোতল ‘ব্ল্যাক বাই বাকার্ডি’ মদ, ৫ বোতল ‘ম্যাজিক মোমেন্টস’ মদ, ৩৯ কার্টন (৩৯০ প্যাকেট) বিদেশি ব্র্যান্ডের ‘ESSE Lights’ সিগারেট, ৫ বোতল কমফোর্ড, ১৫টি হারমন/ফেমাস সাবান, ৪টি ডাবর রেড টুথপেস্ট, ১৮০ প্যাকেট সানসিল্ক শ্যাম্পু এবং ২৪টি ফ্রেশ পাউডার।
বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব মালামালের মোট সিজার মূল্য প্রায় ১ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “মাদকমুক্ত যুবসমাজ গঠনের লক্ষ্যে মারিশ্যা জোন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মারিশ্যা এলাকাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।”
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম বৃদ্ধির প্রেক্ষাপটে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল পরিচালনার মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম আরও বেগবান করা হবে।