লংগদুতে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬


রাঙামাটির লংগদু উপজেলায় ভূমি অধিগ্রহণের নামে জমি দখল এবং ক্ষতিপূরণ প্রদান না করার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।

শুক্রবার (৫ জুন) সকালে রাঙামাটি শহরের কোর্ট হিল এলাকায় অ্যাডভোকেট পারভেজ তালুকদারের চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিজিবি ৩৭ রাজনগর জোন গুলশাখালী ইউনিয়নের কয়েকজন ভূমি মালিকের ৫০ একরের বেশি রেকর্ডভুক্ত জমি অধিগ্রহণের নামে দখল করলেও এখনো কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি।

তাদের দাবি, এ বিষয়ে দায়ের করা রিটের পর মহামান্য হাইকোর্ট বিভাগ ২০২৫ সালের ১৪ জানুয়ারি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান অথবা জমি ফেরত দেওয়ার নির্দেশনা দেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো ওই নির্দেশনা বাস্তবায়ন করেনি বলে তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ সাত বছর ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার ও ক্ষতিপূরণের আশায় বিভিন্ন দপ্তরে ঘুরছেন। তারা দ্রুত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদারসহ ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।