শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বিক্ষোভ সমাবেশ

ইঞ্জিনিয়ার তাসনিফ হায়দার নির্জন
ইঞ্জিনিয়ার তাসনিফ হায়দার নির্জন ইঞ্জিনিয়ার তাসনিফ হায়দার নির্জন
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ১:৫৩ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

 শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালের প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করে ইন্টার্ন ডক্টরস কমিউনিটি (২০২৫-২০২৬), রাঙামাটি জেনারেল হাসপাতাল।

সমাবেশে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাসপাতাল চিকিৎসা সেবার স্থান, সেখানে সহিংসতা ও হামলার কোনো স্থান নেই। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

এসময় ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সমাবেশে রাঙামাটি জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।