রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ভবনে বাসের ধাক্কা, শিশুসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ১০:৫৯ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬


রাঙামাটির রিজার্ভ বাজার নতুন বাস স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সজোরে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় এক শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া শ্রমিক ইউনিয়নের ভবন এবং সামনে রাখা দুটি সিএনজি অটোরিকশার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নতুন বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি স্টেশনে পার্কিং করার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশের রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ভবনে সজোরে আঘাত হানে।

দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে একজন শিশু রয়েছে।

ঘটনায় জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ভবনের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভবনের সামনে পার্কিং করে রাখা দুটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় তার পরিবহন কাউন্টারের সামনে একটি বড় বাস দাঁড়িয়ে ছিল। বাসটি না থাকলে দুর্ঘটনার ভয়াবহতা আরও বাড়তে পারত এবং আশপাশে থাকা আরও মানুষ হতাহত হওয়ার আশঙ্কা ছিল।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও পরিবহন সংশ্লিষ্টরা ব্যস্ততম এই এলাকায় যানবাহন চলাচলে অধিক সতর্কতা অবলম্বন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।