লংগদুতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, পাশে স্তব্ধ সঙ্গী

তারিকুল তারা ( লংগদু)
তারিকুল তারা ( লংগদু) তারিকুল তারা ( লংগদু)
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:২১ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬

রাঙামাটির লংগদু উপজেলায় এক বন্য হাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগতে থাকা হাতিটি অবশেষে মৃত্যুর কাছে হার মানে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে গুলশাখালী এলাকায় হাতিটিকে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত হয়। মৃত হাতিটির আনুমানিক বয়স ছিল ৫৫ থেকে ৬০ বছর।

ঘটনাস্থলে হৃদয়স্পর্শী একটি দৃশ্য চোখে পড়ে মৃত হাতিটির পাশে তার স্ত্রী সঙ্গী দীর্ঘ সময় নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, যেন নীরব শোকে আচ্ছন্ন। স্থানীয়দের মতে, প্রাণীর এই আচরণ ঘটনাটিকে আরও আবেগঘন করে তোলে।

জানা গেছে, অসুস্থ অবস্থায় হাতিটিকে প্রথমদিকে দেখভাল করেন স্থানীয় বাসিন্দা মোঃ রেজানুল হক বিজয়। দূর থেকে নিয়মিত পর্যবেক্ষণ ও যতটুকু সম্ভব সহায়তা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। হাতিটির মৃত্যুতে তিনিও গভীরভাবে মর্মাহত হয়ে ঘটনাস্থলে দীর্ঘ সময় নীরবে বসে থাকেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, হাতিটির পেটে দুটি এবং পায়ে একটি গুরুতর ক্ষত ছিল, যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তোলে। একাধিকবার চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও বয়স ও জটিলতার কারণে শেষ রক্ষা হয়নি।

পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। সুবলং রেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে লংগদু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনা আবারও পার্বত্য অঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টি সামনে এনে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।