বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র উদ্যোগে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা দুগ্ধদানকারী মা ও শিশুদের জন্য একটি সুসজ্জিত ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান আনুষ্ঠানিকভাবে কর্নারটির উদ্বোধন করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা মায়েরা যাতে প্রকাশ্যে শিশুকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে কোনো ধরনের অস্বস্তি বা সামাজিক সংকোচে না পড়ে পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিমুল ইসলাম বলেন, এই কর্নার চালুর ফলে মা ও শিশুস্বাস্থ্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে মায়েদের আরও উৎসাহিত করা সম্ভব হবে। হাসপাতালে দীর্ঘ সময় অপেক্ষার সময় দুগ্ধদানকারী মায়েদের যে শারীরিক ও মানসিক ভোগান্তি হতো, তাও অনেকাংশে কমে আসবে। তিনি এ উদ্যোগের জন্য ইউএনও আমেনা মারজানকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আমেনা মারজান বলেন, “হাসপাতালের মতো জনবহুল ও স্পর্শকাতর স্থানে একটি নির্ধারিত ব্রেস্টফিডিং কর্নার অত্যন্ত প্রয়োজন। এর মাধ্যমে চিকিৎসাসেবা নিতে আসা মায়েরা আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন, যা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিমুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন (সবুজ) এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।