বিশ্ব জনসংখ্যা দিবসে রাঙামাটিতে পরিকল্পিত পরিবার ও তরুণদের সক্ষমতা উন্নয়নে গুরুত্ব
পরিকল্পিত পরিবার গঠন, জনসংখ্যা ব্যবস্থাপনা এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে রাঙামাটিতে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদে পরিণত করার বিকল্প নেই। পাশাপাশি তরুণদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও প্রজনন স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়।
রবিবার (১২ জুলাই) "হোক ছেলে, হোক মেয়ে দুটি সন্তানই যথেষ্ট" স্লোগানকে সামনে রেখে এবং "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" প্রতিপাদ্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে "তরুণদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন-বর্তমানে এবং ভবিষ্যতে" শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পরিকল্পিত পরিবার, সুশৃঙ্খল জনসংখ্যা ব্যবস্থাপনা এবং তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব। জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে তিনি মন্তব্য করেন।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সোহাগ ময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. বেবি ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. শাফি ভূইয়া ও ফারজানা আক্তার।
আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।