কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।"তারুন্যের আশা- আশঙ্কা বাস্তবায়ন করি, আজকের সুন্দর আগামী গড়ি "এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১২ই জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাইমা ইলিয়াস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: দিলদার হোসেন। এসময় তিনি বলেন, পূর্বে এবং বর্তমান দুর্যোগ মুহূর্তে উপজেলা স্বাস্থ্য বিভাগ জনসাধারণের জন্য তাদের স্বাস্থ্য সেবা অব্যাহত রেখেছে। আমরা আগামী দিনে আশা করব স্বাস্থ্য বিভাগ কাপ্তাই উপজেলাকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবে। উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী দেলোয়ার হোসেন মাসুদ এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা,খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা এর পরিচালক ডা: প্রবীর খিয়াং,আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাই এর প্রশিক্ষণ কর্মকর্তা চয়ন বড়ুয়া, উপজেলা শিল্পকলা একাডেমি সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক ঝুলন দত্ত প্রমুখ। এ সময় বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ (এফ ডব্লিউ এ) পরিবার কল্যাণ সহকারী মিসেস থুইক্রাচিং মারমা, শ্রেষ্ঠ এফ পি আই পরিবার পরিকল্পনা পরিদর্শক ফজলুল করিম,শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মিসেস নিশা চাকমা, শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার মিসেস নাজমা আক্তার,ইউনিয়ন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কেন্দ্র চিৎমরম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এর পক্ষ থেকে মিনু সিং মারমা, উপজেলা শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সিবিডি) খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা এর পক্ষ থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা সিসিএইচপি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা ।