রাঙামাটির কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির জরুরী ত্রান সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৩৪ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬



অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধ্বসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত ১৪০ টি পরিবারের  মাঝে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি। 

রবিবার ( ১২ জুলাই) বিকেল ৪টায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি এসব ত্রান সামগ্রী তুলে দেন।  তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। কর্ণফুলি সরকারি ডিগ্রী কলেজে আশ্রয় নেয়া ১২০ জন অসহায়কে কাপ্তাই  ব্যাটালিয়নের পক্ষ হতে ত্রান সহায়তা তুলে দেন। এরপর কর্ণফুলী কলেজ সংলগ্ন মিটি স্টেডিয়াম এবং বরইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অসহায় লোকজনদের ত্রান সামগ্রী তুলে দেন। এসময় কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি)  অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় সেক্টর কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। কর্ণফুলি সরকারি কলেজ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে ত্রান সহায়তা তুলে দেন। 

বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম  বলেন, সাম্প্রতিক টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে রাঙামাটি জেলায় বহু সংখ্যক পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি  বিজিবি মহাপরিচালক এর নির্দেশে মানবিক সহায়তার অংশ হিসেবে মানুষকে উদ্ধার করা, ত্রান সহায়তা বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।