দুর্গত পার্বত্যবাসীর পাশে সরকার, তিন জেলায় ১৩শ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ: পার্বত্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৫৪ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬


টানা ভারি বর্ষণ ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পার্বত্যাঞ্চলের মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী খাদ্যশস্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

বুধবার রাঙামাটি সফরকালে প্রতিমন্ত্রী শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা এবং লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাঁর সরাসরি নির্দেশনা নিয়েই তিনি রাঙামাটিতে এসেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন পার্বত্য জেলার জন্য মোট ১৩শ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রাঙামাটির জন্য ৫০০ মেট্রিক টন, খাগড়াছড়ির জন্য ৪০০ মেট্রিক টন এবং বান্দরবানের জন্য ৪০০ মেট্রিক টন বরাদ্দ করা হয়েছে। পরিস্থিতির প্রয়োজন হলে আরও বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জরুরি সহায়তার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অতিরিক্ত আর্থিক অনুদানও দ্রুত বরাদ্দ দেওয়া হবে।

পার্বত্যাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান, অবকাঠামো উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বাঙালিসহ পার্বত্য অঞ্চলের ১২টি জাতিগোষ্ঠীর সমঅধিকারভিত্তিক উন্নয়ন নিশ্চিত করে একটি সম্প্রীতি ও উন্নয়ননির্ভর পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

পাহাড়ধস প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। বিশ্বের বিভিন্ন পাহাড়ি দেশেও ভূমিধসের মতো দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে আগাম সতর্কতা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে দায়বদ্ধ। তাই দুর্যোগ মোকাবিলা, ত্রাণ সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রমে কোনো ধরনের অবহেলা করা হবে না।

এ সময় রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।