সীমান্তবর্তী দুর্গম বড়হরিণার তাগলক ঘাটে বিজিবির মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেলেন ১২৯ রোগী
রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম বড়হরিণা ইউনিয়নের তাগলক ঘাট এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে বিজিবি।
বুধবার (দিনব্যাপী) বিজিবি হরিণা জোন (১২ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পেইনে এলাকার ১২৯ জন পাহাড়ি অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও বিতরণ করা হয়েছে।
মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান।
তিনি বলেন, দুর্গম এসব এলাকার মানুষ অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত থাকেন। বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্ব পালনই নয়, সাধারণ মানুষের কল্যাণে কাজ করাকেও দায়িত্ব মনে করে।
তিনি আরও বলেন, ছোটহরিণার মতো দুর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন সহায়তা দিয়ে আসছে।