রাঙ্গামাটির দুর্গম সীমান্তে মানবিক বিজিবি, সহায়তা পেল শিক্ষা প্রতিষ্ঠান ও ১৫ পরিবার
পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্তবর্তী এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হরিণা জোন (১২ বিজিবি)। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছে জোনটি।
সোমবার (২২ জুন) হরিণা জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দায়িত্বপূর্ণ এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
হরিণা জোন সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় বসবাসরত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইফফাল কায়েস মেহেদী। তিনি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাও বিজিবির অন্যতম দায়িত্ব। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।
এ সময় ভুষণছড়া ইউনিয়নের একটি কুরআন নুরানী মাদ্রাসাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি অসহায় পরিবারের বসতঘর মেরামতের জন্য ৩০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়া দরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, ৪টি সেলাই মেশিন এবং একটি পরিবারকে সোলার প্যানেল ও ফ্যান দেওয়া হয়।
বিজিবি জানায়, এ কর্মসূচির আওতায় মোট ৭৪ হাজার ৫০০ টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে। এতে একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৫টি পরিবার সরাসরি উপকৃত হয়েছে।
সহায়তা পাওয়া পরিবারগুলো বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও বিজিবির এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।