পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র ঘিরে জল্পনা কল্পনা
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন দীপেন দেওয়ান।
সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এর ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন।
চিঠিতে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতি অব্যাহত রাখার স্বার্থে বর্তমান পদে বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করেন। এ কারণে মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি আরও আশা প্রকাশ করেন, সরকারের কার্যক্রম নির্বিঘ্ন ও গতিশীল রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তবে তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
অন্যদিকে, সামাজিক মাধ্যমে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে ফোন করে সত্যতা যাচাই করছেন অনেকে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র সম্পর্কে কী অবস্থান নেবেন, সে বিষয়েও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, দীপেন দেওয়ান রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন।