দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে ১২ বিজিবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ২:৫৭ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬


রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী বরকল উপজেলার হরিণা অঞ্চলে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে জরুরি ত্রাণসামগ্রী।

রবিবার (১৩ জুলাই) সকাল থেকে হরিণা জোন (১২ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার সীমান্তবর্তী এ্যারাবুনিয়া ও আমতলা এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় হরিণা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হরিণা এলাকার অধিকাংশ বসতঘর পানিতে তলিয়ে যায়। এতে বহু পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আত্মীয়-স্বজনের বাড়ি এবং পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় নেয়। দুর্গম হওয়ায় অনেক পরিবার প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়ে।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ভোজ্যতেল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাইসহ বিভিন্ন ধরনের শুকনা খাদ্য।

হরিণা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তার দায়িত্বই পালন করে না, দায়িত্বপূর্ণ এলাকার জনগণের যেকোনো দুর্যোগ মোকাবিলাতেও সর্বদা প্রস্তুত থাকে। তিনি জানান, অতিবৃষ্টিতে ছোট হরিণা ব্যাটালিয়ন সদরসহ বিজিবির কয়েকটি ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও সদস্যরা নিজেদের ঝুঁকির কথা উপেক্ষা করে দুর্গত মানুষের সহায়তায় নিরলসভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।