স্থায়ী নিয়োগের দাবিতে তিন পার্বত্য জেলার দৈনিক মজুরি কর্মচারীদের প্রতিনিধি সভা
চাকরির নিশ্চয়তা, বয়স শিথিল করে স্থায়ী নিয়োগের সুযোগ এবং ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিলের দাবিতে রাঙামাটিতে তিন পার্বত্য জেলার দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ সম্প্রসারণ বন্ধ করে দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী নিয়োগের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিনিধি সভায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীরা অংশ নেন। সভায় তিন পার্বত্য জেলার কর্মচারীদের সমন্বয়ে একটি আঞ্চলিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ বোরহান উদ্দিন। প্রধান বক্তা ছিলেন এস. এম. শিশির। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অনেক কর্মচারী ১৫ থেকে ২০ বছর ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলেও এখনো স্থায়ী নিয়োগ, চাকরির নিরাপত্তা এবং অন্যান্য ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তাদের অভিযোগ, ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ বাস্তবায়িত হলে দীর্ঘদিন কর্মরত অভিজ্ঞ শ্রমিকদের মূল্যায়ন না করে নতুনভাবে সাময়িক নিয়োগের সুযোগ তৈরি হবে, যা তাদের প্রতি অবিচার।
প্রতিনিধি সভা থেকে দীর্ঘদিন কর্মরত দৈনিক মজুরি ও মাস্টাররোল কর্মচারীদের বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ, চাকরির নিশ্চয়তা নিশ্চিত করা এবং সরকারি দপ্তরে আউটসোর্সিং নির্ভর নিয়োগ ব্যবস্থা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, সরকারি সেবার ধারাবাহিকতা ও দক্ষতা বজায় রাখতে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীদের যথাযথ মূল্যায়ন করা জরুরি। তারা জানান, ৩১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আগস্ট মাস থেকে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।