রাঙামাটির কাউখালীতে বিশেষ অভিযানে ১৫০ কেজি চোলাই মদ তৈরির উপকরণসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ৮:১৬ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬


রাঙামাটির কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫০ কেজি দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ (মূলি), একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে কাউখালী থানাধীন ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী তিন রাস্তার মোড় এলাকায় চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কের বটতলা চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ১৫০ কেজি দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ (মূলি) উদ্ধার করা হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. বেল্লাল কবির ওরফে তবি (৪৬) এবং নেউছিন রাখাইন (৪০)।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কের বটতলা চেকপোস্টে পরিচালিত বিশেষ অভিযানে ১৫০ কেজি দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ (মূলি) ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।