বাঘাইছড়িতে ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাঘাইছড়িতে ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দীন বাহারী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা যথাযথভাবে কাজে লাগিয়ে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত সবজি পার্শ্ববর্তী উপজেলা ও বিভিন্ন বাজারে সরবরাহ করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ নূর আলম কৃষকদের বীজের সঠিক ব্যবহার, নির্ধারিত মাত্রায় সার প্রয়োগ, রোপণের উপযুক্ত সময় এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি সরকারি সহায়তার সর্বোচ্চ সুফল নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলার ৬০০ জন কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।